সিগারেট খাওয়ার কথা বলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

সাভারের বিনোদবাইদ এলাকায় দোকান থেকে ডেকে নিয়ে কাঠমিস্ত্রী সোহেল মোল্লাকে (২৫) কুপিয়ে হত্যা ঘটনার মূলহোতা ও কিশোর গ্যাং লিডার আল আমিন (১৯) এবং তার সহযোগী সজিব হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

আজ শুক্রবার র‌্যাব-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার আল আমিনের বাড়ি ঝালকাঠি জেলায়। তার সহযোগী সজিব হোসেন ঢাকা জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ১১ মার্চ রাতে আল আমিন ও তার সহযোগীরা সিগারেট খাওয়ার কথা বলে কাঠ মিস্ত্রি সোহেল মোল্লাকে সাভার বাজার রোডের বিনোদবাইদ এলাকায় একটি মার্কেটের পেছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় ডেকে নিয়ে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন সোহেলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।