কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তি এনামুল হক শিশির ওরফে মাহিকে (২৯) হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহির ইসলাম ওরফে জহির হিজড়াকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
মঙ্গলবার (১৯ মে) সকালে কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ১৩ মে সকালে বুড়িচং উপজেলার একটি এলাকায় এনামুল হক শিশির ওরফে মাহিকে হাত-পা বেঁধে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেন।
সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে বলা হয়, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকা থেকে যৌথ অভিযানে প্রধান আসামি জহির ইসলাম আপন ওরফে জহির হিজড়াকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। মাদকের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার জহির বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
