স্বাধীনতা পুরস্কারে ভূষিত কুড়িগ্রামের এস এম আব্রাহাম লিংকন

জাতীয় পর্যায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ১০জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সমাজসেবা/জনসেবা ক্ষেত্রে স্বাধীনতা পদক ২০২৪ পুরস্কার পাচ্ছেন কুড়িগ্রামের কৃতি সন্তান এস এম আব্রাহাম লিংকন। তিনি কুড়িগ্রাম আইন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

আগামী ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে এ পদক তার হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছেন।

এস এম আব্রাহাম লিংকন ১৪ নভেম্বর ১৯৬৬ সালে কুড়িগ্রামের কৃষ্ণপুর বকসীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি একজন আইনজীবী ও সমাজসেবক। সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করেন। এবার তিনি স্বাধীনতা পুরস্কার সমাজসেবা/জনসেবা ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনীত হয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের গবেষক এবং বহুমাত্রিক লেখক।