কুমিল্লায় ভুল প্রশ্নপত্রে ১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। শতাধিক শিক্ষক নিবন্ধন প্রত্যাশী পরীক্ষার্থী এই অভিযোগ করেন।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে। এরপর থেকে পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।
ভুক্তভোগীরা জানান, পরীক্ষায় সাধারণ স্কুল পর্যায়ের পরীক্ষার প্রশ্ন বিতরণের বদলে দেওয়া হয় কারিগরি/ ইবতেদায়ী বিভাগের প্রশ্ন। পরীক্ষার্থীরা এ বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষায় হলে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরদের (শিক্ষকদের) দৃষ্টি আকর্ষণ করলেও তারা বিলিকৃত ভুল প্রশ্নপত্রে পরীক্ষা চালিয়ে যান। এতে বিষয় ভিত্তিক পার্থক্য থাকার কারণে বিভ্রান্তিতে পড়েন পরীক্ষার্থীরা।
এদিকে, পরীক্ষা শেষে ভুক্তভোগীরা কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে উপস্থিত হয়ে বিষয়টির প্রতিবাদে বিক্ষোভ করেন।
ভুক্তভোগী শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী শাহাদাত হোসেন ও সুজন মিয়া জানান, প্রথমে হল কর্তৃপক্ষ ভুল প্রশ্ন দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরীক্ষার শেষে দেখা যায়- সাধারণ স্কুল পর্যায়ের প্রশ্নের জায়গায় কারিগরি ও ইবতেদায়ী পর্যায়ের প্রশ্ন অদল-বদল হয়েছে। এতে করে ওই কেন্দ্রের ১০১, ৩১১, ৩১২ ও ৩১৩ নম্বর কক্ষের পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রাজিয়া সুলতানা জানান, বিষয়টি দেখার জন্য তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম সাংবাদিকদের বলেন, বিষয়টি এনটিআরসিএ কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ করা হবে। এ সময় তিনি পরীক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।