বিয়ের ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু

ফেনীর সোনাগাজীতে বিয়ের ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় আহত শিবির নেতা আবদুল্লাহ আল মামুন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরমজলিশপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।

নিহত মামুন গত ৫ মার্চ উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নুসরাত জাহানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাত্র ১০ দিনের মধ্যে তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। রাত ১১টার দিকে চরমজলিশপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের পরিবার জানায়, গত ১৩ মার্চ সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহসড়কের গোবিন্দপুর নতুন বাজার সংলগ্ন স্থানে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে বাইক আরোহী আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তিনি ফেনী সরকারি কলেজ থেকে স্নাতক (সম্মান) শেষ স্কলারশিপ নিয়ে চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সোনাগাজী-মীরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরে চীনের একটি কোম্পানির সঙ্গে গত কয়েক মাস পূর্বে যৌথ ব্যবসা শুরু করেন।

মামুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। তিনি জানান, মামুন ২০১৪ সালে সংগঠনের সাথে যুক্ত হয় এবং পরে সংগঠনের সাথী মনোনীত হয়। গত রোজায় সাংগঠনিক বৈঠকে তার সাথে কথা হয় এবং সংগঠনের জন্য নিয়মিত আর্থিক সহায়তা করতেন।