গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মনসুর আলী আকন (৩২) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে দুজনের মৃত্যু হলো।
আজ শনিবার (১৬ মার্চ) সকালে পৌনে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইন্সটিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু।
ডা. ইমু জানান, তার শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল। এর আগে সোলায়মান মোল্লা (৪৫) নামে একজন মারা গেছেন। বর্তমানে ২৯ জন ভর্তি আছেন।
মৃত মনসুরের বড় ভাই আবু জাফর জানান, তাদের বাড়ি বগুড়ার শীবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। মনসুর রাজমিস্ত্রির কাজ করতেন। ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন।
তার স্ত্রী দিনা আক্তার ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।