বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম ঘর থেকে টিসিবির ১৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা উজ্জ্বলকে (৩২) গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেপ্তার উজ্জ্বল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে। শনিবার (১৬ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে উজ্জ্বলের দোকানের পেছনের একটি গুদাম ঘরে সরকারি বস্তায় বেশ কিছু চাল রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা টিসিবির চাল উদ্ধার করেন।
এ ঘটনায় ওই দিন বিকালেই আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল শুক্রবার রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত উজ্জ্বলকে আদালতে পাঠানো হয়েছে।