৩৭ দিন ধরে ভেন্টিলেশনে বর্ষীয়ান অভিনেতা

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কলকাতার বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব। গত এক মাস ধরে তিনি দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৬৮ বছর বয়সী এ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

জানা গেছে, গত ৩৭ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। তিনি সিওপিডিতে আক্রান্ত। ফুসফুসে সংক্রমণ রয়েছে।

আর্টিস্টস ফোরামের (ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম) জয়েন্ট সেক্রেটারি তথা অভিনেতা দিগন্ত বাগচি বলেন, ‘শুরুতে দিন পাঁচেক ধরে পার্থদার কাশি হচ্ছিল। উনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। আমরা জোর করে ভর্তি করাই। তার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। ফোরামের পক্ষ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’

এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি।

‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা সিনেমাতে অভিনয় করেছেন পার্থসারথি। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ ও ‘রক্তবীজ’ সিনেমাতে দেখা গেছে তাকে।

সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। তার পর থেকে একাই থাকেন। বিগত কয়েক বছর সিরিয়াল থেকে দূরত্ব বজায় রাখলেও তার বেশ কিছু সিনেমার ডাবিং এখনও বাকি রয়েছে। আপাতত অভিনেতার সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে টলিপাড়া।