না অভিনয়ে, না রাজনীতির মঞ্চে—কোথাও শক্ত অবস্থান করতে পারছেন না পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তবে কি এখন বিয়ে করে সংসারি হবেন নায়িকা? এমন প্রশ্নও উঠছে এখন। এর মাঝে একবার গুঞ্জন রটেছিল, বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন নায়িকা।
সম্প্রতি নিজের বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কথা বলেন সায়ন্তিকা। আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না। আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’
সায়ন্তিকা আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’
এর আগে বাংলাদেশে এক সিনেমার শুটিং করতে ঢাকায় এসেছিলেন সায়ন্তিকা। পড়ে শুটিং না করেই পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি। যা নিয়ে দুই বাংলার গণমাধ্যমে তুমুল আলোচনা হয়।