জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় অভিযুক্তদের শাস্তির দাবি করে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে নতুন করে সাত দিনের আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা।
রবিবার (১৭ মার্চ) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনকারীরা মশাল মিছিল বের করে। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ চত্বর হয়ে ক্যাম্পাস ঘুরে ভিক্টোরিয়া পার্ক ঘুরে প্রধান ফটকে অবস্থান নেয়।
মশাল মিছিল শেষে ছয় দফা দাবি তুলে আন্দোলনকারীরা। দাবিগুলো হলো-
১. অবিলম্বে তদন্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করতে হবে।
২. অভিযুক্তদের সাথে সংশ্লিষ্ট সবাইকে তৎকালীন প্রক্টরিয়াল বডিকে তদন্ত সাপেক্ষে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
৩. পূর্বে ঘটে যাওয়া সকল নিপীড়নের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।
৪. অতি দ্রুততম সময়ে নিরক্ষেপ যৌন নিপীড়ন দমন সেল গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে অভিযোগ বক্স স্থাপন করতে হবে।
৫. স্পেশালিস্ট মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে।
৬. আগামী সাত কার্যদিবসের মধ্যে উপস্থাপিত দাবি বাস্তবায়ন করতে হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে একই সময়ে বামপন্থীরা প্রতীকী আন্দোলন করেছে। গলায় রশি বেধে ও মুখে টেপ মেরে তারা অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।