রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম

রাজধানীর হাজারীবাগ মনেশ্বর রোডের একটি বাসায় বিষপানে সাইদুল আমীন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ওই শিক্ষার্থীকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সীমান্তের চাচা রুহুল আমিন জানান, তাদের বাড়ি নরসিংদির মনোহরদী থানার বীরগাঁও গ্রামে। সীমান্তের বাবার নাম সদরুল আমীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষ বর্ষে পড়তেন সীমান্ত। মনেশ্বর রোডের পাঁচতলা একটি বাড়ির নিচতলার বাসায় দুজন মিলে ভাড়া থাকতেন। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের বন্ধু বাইরে থেকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পার। অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়াশব্দ পান না। পরে তাকে (রুহুল আমিন) ফোন দিয়ে বিষয়টি জানান। এরপর তিনি ওই বাসায় গিয়ে দরজা ভেঙ্গে সীমান্তকে বিছানায় অচেতন অবস্থায় পান। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কি সেবন করেছেন তা তিনি জানাতে পারেননি।

তিনি জানান, সীমান্তরা দুই ভাই বোন। তার বোন প্রতিবন্ধি। তার মা কোভিডের সময় মারা গেছেন। এসব বিষয় নিয়েই সীমান্ত হতাশাগ্রস্ত ছিলেন।

হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, হাজারীবাগের বাসায় দুজন মিলে একটি রুমে ভাড়া থাকতেন সীমান্ত। ঘটনার সময় সীমান্তের রমমেট বাইরে ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, করোনা ভাইরাসে মায়ের মৃত্যু হওয়া এবং বোন প্রতিবন্ধি; এসব বিষয়ে হতাশাগ্রস্ত থেকে ছাড়পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত