আগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারানো শাইনপুকুর কাল টস জিতে ব্যাটিং নিয়ে আবাহনীর পেসারদের তোপে বিপদে পড়ে। দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও খালেদ আহমেদ ১০ ওভারের মধ্যেই ৩১ রানে শাইনপুকুরের প্রথম ৪ উইকেট তুলে নেন। এর মধ্যে ৩টিই নেন খালেদ। ১৪তম ওভারে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান যখন ইরফান শুক্কুরকে এলবিডাব্লিউ করেন, শাইনপুকুরের স্কোর ৪৭/৫। দলটির প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিনজনই ফেরেন ৭ রান করে।
সেখান থেকেই মেহেরব হাসানকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন অধিনায়ক আকবর আলী। দুজনেই পান ফিফটি। ৪৪ বলে ৫৫ রান করে আকবর আফিফ হোসেনের প্রথম শিকার হয়ে ফিরে গেলেও মেহেরব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ঠিক ৫০ রান করে। আকবরকে ফেরানোর পর আফিফ পেয়েছেন আরও ২টি উইকেট। ১৯ রানে শেষ ৪ উইকেট হারিয়ে শাইনপুকুর ৪২.৪ ওভারে অলআউট ১৬৯ রানে। আবাহনীর খালেদ ৬ ওভারে ১৭ রানে ও আফিফ ১০ ওভারে ৪৬ রানে নিয়েছেন ৩টি করে উইকেট।
আফিফ পরে ব্যাট হাতেও ২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। আবাহনীর হয়ে ৮৭ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। এ ছাড়া চারে নামা মাহমুদুল হাসান ৫৯ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন। আফিফকে নিয়ে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাংলাদেশ টেস্ট দলের ওপেনার মাহমুদুল। জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া লিটন দাস করেছেন ১৯ বলে ৫ রান।
সোহানের সেঞ্চুরিতে জয়ে ফিরল শেখ জামাল : ফতুল্লায় ১৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে শেখ জামাল। শেষ ৭ উইকেট হারায় ৬৬ রানে। মাঝের সময়টায় সাইফ হাসান, ফজল রাব্বি ও নুরুল হাসানদের ব্যাটিংয়েই ২৫০ পেরোয় দলটি।
তৃতীয় উইকেটে ফজলে রাব্বিকে নিয়ে ৫৭ রানের জুটি গড়া ওপেনার সাইফ ফেরেন ৩৪ রান করে। চতুর্থ উইকেটে অধিনায়ক নুরুল হাসানকে নিয়ে ১২০ রান যোগ করেন ফজলে। ১০০ বলে ৭৪ রান করেছেন ২০১৮ সালে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে খেলা ফজলে। তবে অধিনায়ক নুরুল লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেই ফিরেছেন। ৯৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০১ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
রান তাড়ায় ১৫ রানেই ৫ উইকেট হারায় ব্রাদার্স। দলটির প্রথম ৫ ব্যাটসম্যানের চারজনই ফেরেন শূন্য রানে। এরপর ষষ্ঠ উইকেটে শাকিল হোসেন (২৬) ও রাহাতুল ফেরদৌস (৫৩) ৬৫ রানের জুটি গড়লেও ব্রাদার্স ৪০.২ ওভারে অলআউট ১৩৫ রানে। শেখ জামালের দুই পেসার রিপন মণ্ডল ও শফিকুল ইসলাম নেন ৪টি করে উইকেট। রিপন ১০ ওভারে ৪৪ রান দিলেও বাঁহাতি পেসার শফিকুল ৯.২ ওভারে দেন মাত্র ১২ রান।