সেমিফাইনালে উঠে সিটির ইতিহাস

গেল মৌসুমে ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমেও ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে সিটিজেনরা। শনিবার নিউ ক্যাসলকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে তারা। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ছয় আসরে সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়ল পেপ গার্দিওলার দল।

গেল সপ্তাহে লিভারপুলের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে পাঁচ পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন গার্দিওলা। সিটির দুটি গোলই করেছেন বার্নার্দো সিলভা, দুটিই প্রথমার্ধে। ১৩ মিনিটে রদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে প্রথমে ড্রিবল করে গোলমুখে শট নেন সিলভা। নিউক্যাসল গোলকিপারও সঠিক দিকেই লাফ দিয়েছিলেন বল ধরার উদ্দেশ্যে। কিন্তু তার আগে বল ডেনিয়েল বার্নের মাথায় লেগে খানিকটা দিক পাল্টে জালে জড়ায়। ৩১ মিনিটে রুবেন দিয়াজের পাস থেকে শট নেন সিলভা, এবার বল সেন বটম্যানের গায়ে লেগে খানিকটা দিক পাল্টে জালে জড়ায়।

আর্লিং হলান্ড, ফিল ফোডেনরা গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ম্যাচের ফলাফল ও দলের পারফরম্যান্সে অবশ্য খুশি সিটির বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডকু। ডকু বলেন, ‘দল ভালো খেলেছে। কোচ আমাদের কাছে যা চেয়েছেন, তা পুরোপুরি করতে পেরেছে দল। আমরা তাই খুব খুশি।’

আরেক কোয়ার্টারে উলভসকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কভেন্ট্রি সিটি। গতকাল চেলসি ৪-২ গোলে লেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।