রিশাদ হোসেনের ১৮ বলে ৪৮ রানের ক্যামিওতে শ্রীলঙ্কাকে শেষ ওয়ানডেতে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। চট্টগ্রামে শ্রীলঙ্কার দেয়া ২৩৬ রান তাড়া করতে নেমে ১৭৮ রানে ৬ উইকেটে হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেই সময় মুশফিকুর রহিমের সঙ্গী হয়ে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কার হার না মানা ইনিংস দিয়ে ৪ উইকেটে ম্যাচ জিতিয়ে নেন রিশাদ।
২৩৬ রানের লক্ষ্য খুব একটা বড় হওয়ার কথা ছিল না। তানজিদ হাসান তামিমের ব্যাটিং সেই লক্ষ্যকে আরও সহজ করে দিচ্ছিল। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে পাওয়া সুযোগটির সর্বোচ্চ ব্যবহার করলেও আক্ষেপ রয়ে যাবে তামিমের সেঞ্চুরি না পাওয়ার।
হাসারাঙ্গার ওপর চড়াও হতে গিয়ে ৮১ বলে ৮৪ রান করে লং অনে ক্যাচ দেন তানজিদ। ৯ চার ও ৪ ছয়ের ইনিংসটি অনায়াসেই পৌঁছাতে পারত তিন অঙ্কে। এর আগে প্রথমে এনামুল ও নাজমুল ফেরেন ৬ রানের মধ্যে। এরপর হৃদয় ও মাহমুদউল্লাহ আউট ৮ রানের মধ্যে। সর্বশেষ মিরাজকে আউট করে শ্রীলঙ্কা হয়তো আবার একটু লড়াইয়ের আশা পেয়েছিল। জয় থেকে তখনো ৫৮ রান দূরে বাংলাদেশ।
কিন্তু শ্রীলঙ্কার সে আশা ভেস্তে দিয়েছেন রিশাদ হোসেন। মুখোমুখি প্রথম বলেই হাসারাঙ্গাকে ছক্কা মেরে শুরু করলেন তিনি। ব্যাটিং করে গেলেন ওই পঞ্চম গিয়ারে থেকেই। আরেকটু হলে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ডই ছুঁয়ে ফেলতেন। তা হয়নি, তবে ৫টি চার ও ৪টি ছক্কায় তাঁর ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংসেই জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। মুশফিক অপরাজিত ছিলেন ৩৬ বলে ৩৭ রানে।
এর আগে জানিথ লিয়ানাগের অপরাজিত সেঞ্চুরিতে ২৩৫ রানের পুঁজি পায় লঙ্কানরা। ১০২ বলে ১১ চার ও ২ ছয়ে ১০১ রানে অপরাজিত থাকনে লিয়ানাগে। তাসকিন ৩টি, মোস্তাফিজ ও মিরাজ ২টি এবং সৌম্য ও রিশাদ ১টি করে উইকেট পান। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন রিশাদ হোসেন। ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।