বিসিবির চাকরি হারানো নিয়ে ভাবছেন না সিমন্স

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। কোচ ফিল সিমন্সের অধীনে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাচ্ছে না দল। টেস্ট ও ওয়ানডেতে ব্যর্থতার চাপও কম নয়। এমন পরিস্থিতিতে প্রধান কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি হারানোর শঙ্কা মোটেও ভাবাচ্ছে না সিমন্সকে। বোর্ডের সঙ্গে চুক্তি কিংবা ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনাও হয়নি বলে জানান তিনি।

আজ দক্ষিণ আফ্রিকায় সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘না, কোনো আলোচনা হচ্ছে না। চুক্তি বা অন্য কোনো বিষয়ে বোর্ডের সঙ্গে কোনো কথা হয়নি। আর আপনার প্রশ্নের উত্তরে বলব, এটি আমাকে মোটেও ভাবাচ্ছে না।’

সিমন্সের অধীনে বাংলাদেশের পারফরম্যান্স অবশ্য তার আত্মবিশ্বাসের পক্ষে কথা বলছে না। ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর প্রথম ৫ টেস্টে বাংলাদেশ জেতে মাত্র ১টি টেস্ট। ওয়ানডেতে প্রথম ৮ ম্যাচে জয় ছিল মাত্র একটি। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

তবে সেই লড়াইয়ে নামার আগে বড় ধাক্কা খেয়েছে দল। চোটের কারণে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও পেসার হাসান মাহমুদ। মুশফিকের অভিজ্ঞতার ঘাটতি পূরণ করা কঠিন বলে স্বীকার করেছেন সিমন্স। তবে বিকল্পদের ওপরই আস্থা তার, ‘১০০টি টেস্টের অভিজ্ঞতা পূরণ করা সবসময়ই কঠিন।’ তবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের না থাকাকে অন্যদের জন্য সুযোগ হিসেবেও দেখছেন তিনি, 'এর আগে যখন আরেকজন সিনিয়র খেলোয়াড় মুমিনুল ছিলেন না, তখন হৃদয় (তাওহীদ) এগিয়ে এসে দায়িত্ব নিয়েছিল। আমরা সেভাবেই কাজ করার চেষ্টা করছি, যাতে তার জায়গায় যে-ই আসুক না কেন, সে যেন এগিয়ে আসে এবং আমরা তার কাছে যা চাই, তা করে দেখায়। এ কারণেই তারা দলে আছে।'

অন্যদিকে ডান কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গেছেন হাসান মাহমুদ। প্রথম টেস্টে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন এই পেসার। তবে তার অনুপস্থিতিতেও বিকল্প নিয়ে আশাবাদী সিমন্স, 'দলে আরও চারজন পেসার আছে। কাউকে না কাউকে তার কাজের চাপটা নিতে হবে।'

এদিকে প্রথম টেস্টের দুই ইনিংসে ০ ও ৫ রান করা মুমিনুল হকের ওপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশ কোচ। তার ব্যাটে রান না থাকলেও কঠোর পরিশ্রমের বিষয়টি বিবেচনায় নিচ্ছেন সিমন্স, 'হ্যাঁ, সে কিছুদিন ধরে রান পাচ্ছে না, কিন্তু কঠোর পরিশ্রম করছে এবং ছন্দে ফেরার চেষ্টা করছে। আর মাঝে মাঝে খেলোয়াড়দের ওপর একটু বেশি সময় ধরে আস্থা রাখতে হয়। এই ক্ষেত্রে আমরা তার ওপর আস্থা রেখেছি।'

 
সর্বশেষ সর্বাধিক পঠিত