সৌম্যর কনকাশন বদলি তানজিদকে দেখে অবাক হয় লঙ্কানরা

বাংলাদেশের ইনিংস উদ্বোধন করতে এনামুল হক বিজয়ের সঙ্গে তানজিদ হাসান তামিমকে দেখে মাঠেই বিস্ময় প্রকাশ করে শ্রীলঙ্কা দল। আম্পায়ারের কাছে কারণ জানতে চায়। আম্পায়ারের কথা শুনে শুরু করে ম্যাচ। ২৩৬ রানের লক্ষ্যে নেমে তানজিদ খেলেন ৮১ বলে ৮৪ রানের ইনিংস। কনকাশন বদলি হিসেবে নেমে ওয়ানডে যা সর্বোচ্চ ইনিংস। তানজিদ ছাপিয়ে যান অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেনকে। ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যামেরন গ্রিনের কনকাশন বদলি হিসেবে নেমে ৯৩ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে অজিদের ম্যাচ জিতিয়েছিলেন লাবুশেন।

আজ টপ অর্ডারে বাকিদের ব্যর্থতায় হাল ধরে রাখেন তানজিদ। শেষদিকে রিশাদ হোসেনের ১৮ বলে ৪৮ রানের ঝড়ে ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক দল। শ্রীলঙ্কার ইনিংসের ৪৯তম ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ছিটকে পড়ে গিয়েছিলেন সৌম্য সরকার। দেখে মনে হয়েছিল হাঁটুতে প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি। কিন্তু পরে বাংলাদেশ দল জানায় সৌম্যের কনকাশনের খবর। তার কনকাশন বদলি হিসেবে নামানো হয় তানজিদ হাসান তামিমকে।

ম্যাচ হেরে সেঞ্চুরিয়ান জানিথ লিয়ানাগেকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ। সৌম্যের কনকাশন বদলি নিতে দেখে তারা যে বিস্মিত সেটা জানান তিনি, 'কনকাশন বদলি নিতে দেখে আমরা বিস্মিত হয়ে গিয়েছি। কারণ আমরা ফুটেজ দেখেছি, তাকে বলের জন্য ঝাঁপাতে দেখেছি। এই ঘটনায় তাকে (মাথায়) আঘাত পেতে দেখিনি। যাই হোক অফিসিয়ালদের সিদ্ধান্ত আমাদের সম্মান জানাতে হবে। যেটা আইসিসির কোড অব কন্ডাক্টে আছে যে ম্যাচ রেফারির সিদ্ধান্ত এটা। খেলায় অনেক নিয়ম আছে, আমাদের তা মানতে হবে।'

সৌম্যের চোট নিয়ে বিসিবির পাঠানো বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, 'একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে সৌম্য বিজ্ঞাপনী বিলবোর্ডে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছেন। পড়ে যাওয়ার সময় তার মাথা মাটিতে লাগে, ঘাড় শক্ত হয়ে যায়। তিনি মাথা ব্যথার কথা জানিয়েছেন ও তার চোখে দেখতেও সমস্যা হয়েছে। তাকে পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি বাম হাঁটুতেও চোট পেয়েছেন। সৌম্যের চোটে আমরা কনকাশন বদলির আবেদন করলে তা গ্রহণ করা হয়।'

শুধু মাত্র হাঁটুর আঘাতে খেলতে না পারলে সৌম্যের বদলি নেওয়ার সুযোগ ছিলো না বাংলাদেশ দলের। তখন একজন কম ব্যাটার খেলাতে হতো। সৌম্য ছাড়াও এ ম্যাচে চোট পান বিজয়, জাকের ও মোস্তাফিজ। বিজয় সুস্থ হয়ে ব্যাটিংয়ে নামলেও জাকেরকে পাঠানো হয়েছে হাসপাতালে।

সংবাদ সম্মেলনে শান্ত জানান, ‘মোস্তাফিজের ক্র্যাম্প করেছে। ও ঠিক আছে এখন। সৌম্য ভাইয়েরটা আমি জানি না অত, ফিজিওরা ভালো বলতে পারবে। জাকের পর্যবেক্ষণে রয়েছে।’