খোলা মাঠে সারি সারি রাখা ছিল ব্যাগ ভর্তি খাদ্যসামগ্রী। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রকৃত হতদরিদ্র ও অসহায়দের খুঁজে দেওয়া হয় টোকেন। হাতে রাখা সেই টোকেন যাচাই করে টোকেনধারীদের প্রবেশ করান পুলিশ সদস্যরা। প্রতি ব্যাগের সাথে বসেছিলেন একজন হতদরিদ্র ও অসহায় মানুষ। ব্যাগে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল ও ২ কেজি ছোলা বুট। মাঠে রাখা ২৮৫ ব্যাগ ভর্তি খাদ্যসামগ্রী বিনামূল্যে একে একে নিয়ে যান টোকেনধারীরা। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে হতদরিদ্র, অসচ্ছল ও অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা পরিষদ ডাকবাংলো মাঠ প্রাঙ্গণে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদের তত্ত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ঈশ্বরগঞ্জ থানার এসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মাজহারুল ইসলাম প্রমুখ।
ব্যাগভর্তি খাদ্যসামগ্রী পেয়েছেন উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের বেস্ট ক্যান্সার আক্রান্ত ফজিলা খাতুন (৪০)। তিনি বলেন, 'আমার স্বামী অসুস্থ। কাজ-কর্ম করতে পারে না। রমজান মাসে এই খাবারগুলো পেয়ে খুব উপকার হয়েছে।
খাদ্যসামগ্রী পেয়েছেন চরহোসেনপুর গ্রামের স্টোকজনিত রোগে আক্রান্ত সত্তুরোর্ধ্ব আব্দুল হাই ও কাছিমপুর এতিম খানার ছাত্র শাখাতুলের মতো আরও অনেকেই। রোজার মাসে এই খাদ্য সামগ্রী পেয়ে তারা অনেক খুশি।
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, আমরা ৪ জেলার ৮ উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করছি। ঈশ্বরগঞ্জ উপজেলার ২৮৫ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।