প্রায় আধাঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক 

প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। এদিন বিকেল ৫টা ১৯ মিনিটের দিকে মেট্রোরেল চালু হয়। ইফতারের আগে হঠাৎ মেট্রোরেল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। অফিস ছুটির সময়ে রেল চলাচল বন্ধ থাকায় পুরো স্টেশন ভরে যায় যাত্রী দিয়ে। 

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে হালকা বৃষ্টি হয়। এরপর পৌনে ৫টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময়টায় অফিস শেষে অনেকেই ইফতারের আগে বাসায় ফেরার তাড়ায় ছিলেন। ফলে স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় জমে যায়। প্রায় প্রতি স্টেশনে ছিল মানুষের ভিড়। 

ইফতারের আগে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ থাকায় র‍্যাপিড ও এমআরটি পাসধারীদের বের হওয়ার জন্য মেশিন ‘জিরো ব্যালেন্স’ করে দেওয়া হয়। পাশাপাশি যারা সিঙ্গেল ট্রিপের জন্য টিকেট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হয়। বিকেল ৫টা ১৯ মিনিটের দিকে আবার মেট্রোরেল চালু হয়।