কালিয়াকৈরে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইয়াসিন আরাফাত (২১) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে ১২ জন মারা গেলেন।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, ইয়াসিনের শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ভর্তি আছেন ১৬ জন রোগী।

মৃত ইয়াসিনের মামা মো. লিটন জানান, কুষ্টিয়ার খোকসা থানার গবুগ্রাম এলাকার মো. আলআমিনের ছেলে ইয়াসিন। বাবা-মা, বোনসহ পরিবার নিয়ে থাকতেন কালিয়াকৈরে তেলিরচারা এলাকায়। পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন তিনি। ২৪ দিন বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তার।