চাঁদপুরে বিআরটিসি বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসির যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক মিয়া (৪০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব কালচোঁ ভূইয়া বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। মানিক মিয়া সুনামগঞ্জ জেলার দিরাই থানার নোগাল গ্রামের মৃত সমর আলীর ছেলে। তিনি স্থানীয় হান্নান মিয়ার ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, মানিক মিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন সেলিম মিয়ার চায়ের দোকানে নাস্তা শেষে রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরাতহাল শেষে মরদেহ এখন থানায় আছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিআরটিসির বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।