মতলবে আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা!

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি তানজিদ মৃধাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

আবুল কালাম আজাদ নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সম্প্রতি উপজেলার আশ্বিনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তানজিদ মৃধাকে আটক করে পুলিশ।

খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ আরও দুই নেতা ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনার ঝড় বইছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, আটকের সময় তানজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ জ্যেষ্ঠ নেতাদের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।

​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানান, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে রাতে তানজিদ যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে আমরা শনাক্ত করতে পারেনি; পরে বিষয়টি জানা গেছে।অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল বলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়টি সত্য হয়ে থাকলে, এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ সর্বাধিক পঠিত