পাওনা টাকা চাওয়ায় যুবকের হাতের কবজি কর্তন

পাওনা টাকা চাওয়ায় সিরাজগঞ্জে শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবকের হাতের কবজি ও বাম হাতের একটি আঙ্গুল কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার সরাইচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় দুইজনকে গ্রেপ্তার করেছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- সরাইচন্ডী গ্রামের আলহাজ আলী (২৬) ও একই গ্রামের রুবেল (৪৮)।

এ বিষয়ে আহত শরিফুলের ছোট ভাই মেরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডী গ্রামের যুবক শরিফুল ইসলামের কাছে থেকে একই গ্রামের সুজন ও আলহাজ দুই লাখ টাকা ধার নেয়। গত ১৭ মার্চ রবিবার রাতে ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সরাইচন্ডী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে তারা অস্ত্র দিয়ে শরিফুলের ডান হাতের কবজি ও বাম হাতের একটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

মেরাজুল ইসলাম আরও জানান, সোমবার আহত শরিফুলের স্ত্রী তানিয়া খাতুন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে গুরুতর আহত শরিফুলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ২ জনকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, পাওনা টাকা চাওয়ার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শরিফুলের ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।