অজিদের বিপক্ষে বাংলাদেশের প্রমাণের লড়াই

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিপাক্ষিক সিরিজে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই দল। ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় খানিকটা ‘বাধ্য’ হয়েই বাংলাদেশের সঙ্গে ওয়ানডে খেলতে হচ্ছে অজিদের। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিটি ম্যাচের জন্য থাকছে ৩ পয়েন্ট। গতকাল মিরপুরে অনুশীলন শেষে অস্ট্রেলিয়ার প্রধান কোচ শেলি নিটস্কে জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি সিরিজকে তারা যথাযথভাবে ব্যবহার করতে চান।

এ প্রসঙ্গে নিটস্কে বলেন, ‘এখানে দুটো ব্যাপার আছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইসিসি চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট আছে তাই এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু যে কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলব সেখানে টি-টোয়েন্টি খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। সবদিক বিবেচনা করলে সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

‘যতবার আমরা মাঠে নামি সবসময়ই আমাদের উন্নতির সুযোগ থাকে। আমরা আমাদের সেরা একাদশ বাছাই করতে চাই এবং ম্যাচ জিততে চাই। কিন্তু এই কন্ডিশনে কারা ভালো করে সেটা আমরা খুঁজে বের করতে চাই। সেপ্টেম্বরে যখন আমরা ফিরে আসব তখনকার জন্য আমরা নিজেদের প্রস্তুত করতে চাই।’

চলতি বছরের সেপ্টেম্বরে-অক্টোবরে বাংলাদেশের মাটিতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে সিরিজে পূর্ণ ৯ পয়েন্টের দিকেই নজর দুই দলের। শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণশক্তি নিয়েই লড়তে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে মঙ্গলবার অনুশীলন করেন জ্যোতিরা।

অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, ‘সিরিজ জেতা আমাদের লক্ষ্য। কারণ বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে হলে ওয়ানডে সিরিজে আমাদের পয়েন্ট দরকার। ওই পয়েন্টের দিকেই আমরা মূলত তাকিয়ে আছি।’

বিশ্ব ক্রিকেটের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কদিন পড়েই বাংলাদেশের মাটিতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখেই নিজেদের ঝালিয়ে নিতে এসেছে অজিরা। অন্যদিকে বাংলাদেশ দলের জন্যও এটি ড্রেস রিহার্সাল।

শিপন জানিয়েছেন এই সিরিজটি জিততে পারলে বিশ্ব ক্রিকেটে নিজেদের অস্তিত্বের জানান দেওয়া সম্ভব হবে। প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই জেতাটা আমাদের জন্য জরুরি। কারণ জিতলেই আমরা কাভারেজ পাব বেশি। মাইলেজ আসবে বেশি। স্পন্সর আসবে আরও। একটার সঙ্গে একটা পরিপূরক।’

বাংলাদেশ নারী দল ওয়ানডে সংস্করণে বেশ গোছালো। ২০১৮ সালে এই দলটিই এশিয়া কাপের শিরোপা জিতেছে। এ ছাড়া গত বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ ড্র করেছে। অজিদের বিপক্ষে সিরিজটি ওয়ানডে হওয়ায় প্রত্যাশার মাত্রা একটু বেশিই।

এ প্রসঙ্গে শিপন বলেন, ‘মাঠের খেলায় অবশ্যই আমরা ভালো করতে চাই। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সিরিজ জেতা। ওয়ানডেটা আমাদের মূল মনোযোগের জায়গা। আমরা ওয়ানডেকেই পাখির চোখ করে রাখছি।’