অনেক তারকাই মাঠে নেই এবারের ফিফা উইন্ডোতে

বছরের বেশিরভাগ সময় ফুটবল তারকারা ব্যস্ত থাকেন ক্লাব ফুটবল নিয়ে। টুর্নামেন্ট ছাড়াও ফিফা উইন্ডোতে তারকাদের দেখা যায় জাতীয় দলের জার্সিতে। এই বছরের প্রথম ফিফা উইন্ডো শুরু হচ্ছে আজ। সান মারিনো, এল সালভাদরের মতো দলের খেলা আজ। তবে আগামীকাল থেকে মাঠে নামবে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকার দেশগুলো। তবে এবারের ফিফা উইন্ডোতে মাঠে থাকছেন না অনেক তারকা। অনেকে আছেন ইনজুরিতে তো কেউ আবার পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি পেয়েছেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনের সঙ্গে খেলবে পর্তুগাল। সেই ম্যাচে ছুটি পেয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব মৌসুমের বিরতির সময়টা পরিবারের সঙ্গে একান্তে কাটাচ্ছেন রোনালদো। তাই তাকে বিশ্রাম দিয়েছেন জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ। অবশ্য এই একটি ম্যাচেই রোনালদোকে মাঠে পাবেন না ভক্তরা। পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, সেøাভেনিয়ার বিপক্ষে পরের প্রীতি ম্যাচে দলে যোগ দেবেন সৌদি প্রো লিগে এবার সর্বোচ্চ ২৩ গোল করা রোনালদো। তার সঙ্গে যোগ দেবেন জোয়াও ফেলিক্স, ভিতিনহাদের মতো তারকারাও।

ফ্রান্স প্রীতি ম্যাচ খেলবে জার্মানি ও চিলির বিপক্ষে। অ্যাঙ্কেলে চোটের কারণে ছিটকে গেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের জার্সি পরে ১২৭ ম্যাচ খেলেছেন গ্রিজমান। এর সবশেষ ৮৪ ম্যাচ টানা খেলেন তিনি। ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে টানা ৮৪ ম্যাচ আর কোনো দেশের কেউ খেলতে পারেননি। ফ্রান্সের হয়ে চতুর্থ সর্বোচ্চ ৪৪ গোল করেছেন গ্রিজমান। গ্রিজমানের জায়গায় ডাক পেয়েছেন মার্সেই থেকে বর্তমানে ধারে লাৎসিওতে খেলা মিডফিল্ডার মাতেও গেনদুজি। ফ্রান্সের হয়ে মাঠে নামা নিয়ে শঙ্কা আছে এসি মিলানে খেলা গোলকিপার মাইক মাইগনানেরও।

এই ফিফা উইন্ডোতে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে চোটের কারণে ব্রাজিলের অনেকেই নেই দলে। চোটের কারণে থাকছেন না প্রথম পছন্দের দুই গোলকিপার আলিসন বেকার ও এদেরসন, ডিফেন্ডার মার্কিনহোস ও ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি, কাসেমিরো।

চোটের কারণে দল গঠন করা যে কঠিন হয়েছিল সেটি জানিয়েছিলেন দরিভাল। কাসেমিরোকে হারিয়ে দরিভাল বলেন, ‘৫০ জনের প্রাথমিক তালিকা থেকে চোটের কারণে এর মধ্যেই ১৩ জনের না থাকা নিশ্চিত করা হয়েছে তাদের ক্লাবের পক্ষ থেকে। দুর্ভাগ্যক্রমে আমরা অনেক ফুটবলারকে এই উইন্ডোতে পাচ্ছি না। তবে দলে যারা আছে, তাদের ওপর আমার পূর্ণ আস্থা ও ভরসা আছে। যদিও নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে। আমি আশা করছি ভালো একটি ম্যাচ হবে। জানি একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে সেটা নিতে আমি প্রস্তুত।’

মেসি জন্যও ভক্তদের দুঃসংবাদ। আর্জেন্টিনাও দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২২ মার্চ এল সালভাদর এবং ২৬ মার্চ কোস্টারিকার বিপক্ষে। দুই ম্যাচেই খেলছেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক খেলবেন না এমন শঙ্কা আগেই ছিল। কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের ৫০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। ম্যাচের পর মায়ামি কোচ জানিয়েছিলেন, আর্জেন্টাইন তারকার হ্যামস্ট্রিংয়ে টান লাগার কথা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণেই নেই মেসি।

জুনে কোপা আমেরিকা, ইউরো ফুটবল। তার আগে জাতীয় দলগুলো নিজেদের ঝালিয়ে নেবে এবারের ফিফা উইন্ডোতে। এশিয়ার দেশগুলো খেলবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ইউরো বাছাই পর্বের প্লে-অফ খেলাও আছে।