১০ মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধুলামিয়া সড়কের পাদুয়া মিয়া মেম্বার বাড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি মো: হাসানকে (৩০) ধরতে অভিযানে গিয়ে এলাকাবাসীর হামলায় দুই পুলিশ সদস্য ও সিএনজি চালক আহত হয়েছেন। এই ঘটনায় ৯ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন আহত এএসআই অরুপ বরুয়া।

মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্মপুর ইউনিয়নের দুলা মিয়া সড়কের পশ্চিম পাদুয়া গ্রামের মো: জাফর মিয়ার ছেলে ১০ মামলার আসামি মো: হাসানকে ধরতে গত সোমবার রাতে এএসআই অরুপ বরুয়া অভিযান চালান। পুলিশের উপস্থিতির টের পেয়ে মো: হাসান ঘরের ছাদ বেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় আসামির ডাক-চিৎকারে অজ্ঞাতনামা ৪/৫ জন পুলিশ সদস্যদের ঘিরে ফেলে লাঠিসোটা নিয়ে হাসানকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে অতিরিক্ত কোর্স পাঠিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ সময় স্থানীয় এলাকাবাসীর হামলায় পুলিশের এএসআই অরুপ বরুয়া, কনস্টেবল সোহেল চৌধুরী ও সিএনজি চালক মাইন উদ্দিন সোহাগকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় পুলিশের ব্যবহৃত সিএনজি সিলিন্ডার পিটিয়ে ভাংচুর করে। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)  মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশের কাজে বাধা প্রদান পূর্বক আক্রমণ ও হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম, সিএনজি ভাংচুর করায় মামলা দায়ের করা হয়। মামলায় মঙ্গলবার বিকেলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।