ভারতীয় বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী অসুস্থ। শারীরিক নানা সমস্যা নিয়ে হাসপাতালে টানা ১২ দিন ভর্তি ছিলেন। কয়েক দিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরলেও এখনো সুস্থ হয়ে উঠেননি ৮২ বছর বয়সী এই বরেণ্য শিল্পী।
শারীরিক অবস্থা নিয়ে টিভি নাইনের সঙ্গে কথা বলেছেন লিলি চক্রবর্তী। শারীরিক অবস্থা জানিয়ে দাপুটে এই অভিনেত্রী বলেন, ‘আমার তো শরীর ভালো যাচ্ছে না। হাই ব্লাড সুগার। হাঁপানি। সিওপিডি (ফুসফুসের সমস্যা)। এই তিনটি কারণে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আমার তো আগে থেকেই সিওপিডি ছিল। আমার ফুসফুস খুবই দুর্বল। এবার খুবই কাবু করে ফেলেছিল, বাড়িতে ফিরেছি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। শুটিংয়ে যেতে পারিনি।’
১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন লিলি চক্রবর্তী, এখনো সুস্থ হননি। কিন্তু কাজে ফেরার জন্য মরিয়া হয়ে আছেন। তা জানিয়ে লিলি চক্রবর্তী বলেন, ‘আমি একটু সুস্থ হলেই কাজে ফিরব। আপনারা চিন্তা করবেন না। ওটাই (শুটিং) তো আমার ঘরবাড়ি, আমার বেঁচে থাকার রসদ। আমাদের মতো শিল্পীকে কাজই তো বাঁচি রাখে।’
১৯৪১ সালের ৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন লিলি চক্রবর্তী। পরবর্তীতে পরিবারের সঙ্গে পাড়ি জমান কলকাতায়। ১৯৫৮ সালে ‘ভানু পেলো লটারি’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। তারপর ‘দেওয়া নেওয়া’, ‘এই করেছো ভালো’, ‘জন অরণ্য’, ‘দুই পুরুষ’, ‘কলঙ্কিণী কঙ্কাবতী’ মতো অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেন এই অভিনেত্রী।
শুধু তাই নয় ‘চুপকে চুপকে’, ‘এক দিন আচানক’-এর মতো হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। এই প্রবীণ বয়েসেও অভিনয় করেছেন ‘রাজকাহিনী’, ‘পোস্তো’, ‘বিবাহ ডায়েরিজ’-এর মতো চলচ্চিত্রে। এখনো টিভি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।