মিটল না ছেলেকে দেখার আকুতি

ঘুমের দেশে অভিনেত্রী নাসিমা খান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয় অভিনেত্রী নাসিমা খানের। বিষয়টি জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে বড় ছেলে দেশে ফেরার পরেই কবরস্থ করা হয়েছে অভিনেত্রীর মরদেহ। এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিমা খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে নাসিমা খান ছিলেন অন্যতম। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন।

জীবনের শেষ দিন পর্যন্ত ছোট ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী । কয়েক মাস ধরে নিখোঁজ ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশলের কোনো খোঁজ না পেয়ে বুকভরা কষ্ট নিয়েই পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। ছেলেকে শেষবারের মতো একনজর দেখার আকুতিও পূরণ হলো না তার। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে পরিচিতি পান তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন নাসিমা খান। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’।

সর্বশেষ সর্বাধিক পঠিত