ইসরায়েলের কাছে প্রাণঘাতী অস্ত্র ও সরঞ্জাম বিক্রি বন্ধের পরিকল্পনা করছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি গতকাল মঙ্গলবার বলেছেন, ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করছে অটোয়া।
টরেন্টো স্টারকে জলি বলেন, ‘এটা বাস্তব বিষয়’। এর এক দিন আগে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ওপর কানাডার পার্লামেন্ট বাধ্যতামূলক নয়, এমন একটি প্রস্তাব পাস করে।
প্রস্তাবে বলা হয়, ইসরায়েলে সামরিক যোগাযোগ সরঞ্জাম ব্যতীত কোনো প্রকার প্রাণঘাতী অস্ত্র কিংবা সরঞ্জাম পাঠাবে না কানাডা। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ও ইসরায়েল নামের দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র গঠন ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানানো হয়।
মূল প্রস্তাবটি উত্থাপন করে মাইনরিটি বামপন্থী নিউ ডেমোক্র্যাটরা। তারা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিকে ক্ষমতায় থাকতে সহায়তা করেছিল। কিন্তু দলটি এখন মনে করছে, ট্রুডো গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে পর্যাপ্ত উদ্যোগ নিচ্ছেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি সেক্রেটারি রবার্ট ওলিফান্ট মন্ত্রী জলির বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ক্ষুণ্ন করছে অটোয়া।
তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক। কানাডা সরকার এমন পদক্ষেপ নিচ্ছে যা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ক্ষুণ্ন করছে। তারা (হামাস) মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করেছে। কানাডা সরকারের বর্তমান পদক্ষেপ ইতিহাস বিচার করবে।
হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এবং জিম্মিদের ঘরে না ফেরা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে উল্লেখ করে তিনি জানান, গত সপ্তাহে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। একইসঙ্গে এই পদক্ষেপ সত্ত্বেও দেশটি ইসরায়েলের ঘনিষ্ট বন্ধুরাষ্ট্র থাকবে বলে জানান তিনি।
চলতি মাসের শুরুর দিকে কানাডার পার্লামেন্টে একটি অভিযোগ জমা দেন দেশটির আইনজীবীদের একাংশ এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত কানাডীয়রা। তারা বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলমান থাকা অবস্থায় দেশটির কাছে অস্ত্র বিক্রি করা কানাডার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই অভিযোগকে আমলে নিয়ে সোমবার এই প্রস্তাব পাস করে কানাডার পার্লামেন্ট।
কানাডাই প্রথম প্রধান পশ্চিমা মিত্র যারা ইসরায়েলের কাছে তার অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। তাদের সমরাস্ত্রের অন্যতম শীর্ষ ১০ ক্রেতার মধ্যে ইসরায়েল অন্যতম। রেডিও কানাডার তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইসরায়েলে দুই কোটি ১০ লাখ কানাডিয়ান ডলার এবং ২০২১ সালে দুই কোটি ৬০ লাখ কানাডিয়ান ডলার সমমূল্যের সমরাস্ত্র রপ্তানি করেছে দেশটি।
সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট