ইফতারে পাকিস্তানি শ্রমিকের জুস খাওয়ায় বাংলাদেশিকে হত্যা

মালয়েশিয়ায় পাকিস্তানি নাগরিকের হাতে খুন হয়েছেন এক বাংলাদেশি। গতকাল মঙ্গলবার সেলঙ্গর রাজ্যের শাহ আলম জেলার ৩৬ নম্বর সেকশনে একটি কারখানার শ্রমিকদের হোস্টেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ৪৯ বছর বলে জানিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস।

প্রতিবেদনে আরও বলা হয়, ইফতারের সময় পাকিস্তানি ব্যক্তির কমলার জুস পান করায় বাংলাদেশি নাগরিকের সঙ্গে বিরোধ হয়। অভিযুক্ত একপর্যায়ে রান্নাঘর থেকে ছুরি এনে একাধিকবার ভুক্তভোগীকে জখম করেন।

শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বলেন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুলিশ ঘটনাটি জানতে পারে। সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়। পুলিশ একটি ছুরিও জব্দ করেছে। ধারণা করা হচ্ছে ছুরিটি ভুক্তভোগীকে আঘাত করতে ব্যবহার করা হয়েছিল।

তদন্তে জানা গেছে, ভুক্তভোগী বাংলাদেশি সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন। অপরাধ প্রমাণিত হলে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্তের মৃত্যুদণ্ড বা ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড হতে পারে। যদি মৃত্যুদণ্ড না হয় তবে অন্তত ১২ বার বেত্রাঘাতের শাস্তি দেওয়া হবে।