মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু আগামী ডিসেম্বরে সরকারি সফরে ঢাকা আসতে পারেন। সবকিছু ঠিক থাকলে আনোয়ার ইব্রাহিম দুইদিনের সফরে আগামী ৭ ডিসেম্বর এবং মোহামেদ মুইজ্জু তিনদিনের সফরে আগামী ১৩ ডিসেম্বর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। ঢাকা, কুয়ালালামপুর ও মালের কূটনৈতিক সূত্রগুলো দেশ রূপান্তরকে এ বিষয়টি নিশ্চিত করেছে।
কূটনীতিকরা জানান, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে তারেক রহমান গত জুনে কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মোহামেদ মুইজ্জু ঢাকা সফর করেন। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া ও মালদ্বীপের দুই নেতাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
মালয়েশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে। এর বাইরে দুটি দেশেই রপ্তানি বৃদ্ধিসহ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাংলাদেশের কর্মীদের জন্য কাজের সুযোগ-সুবিধা বাড়ানো, আঞ্চলিক যোগাযোগ শক্তিশালী করা, দক্ষতা উন্নয়নসহ শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে অভিন্ন স্বার্থ রক্ষাসহ বিভিন্ন বিষয় শীর্ষ পর্যায়ের বৈঠকে আলোচনায় আসবে।
আনোয়ার ইব্রাহিম এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফর করেন। অন্যদিকে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিসানায়েকসহ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের আগামী ২০২৭ সালের শুরুতে ঢাকা সফরের কথা রয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ঢাকা সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ গত সপ্তাহে পৌঁছে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।