গতকাল ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচে ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়নকে আবাহনী গুঁড়িয়ে দিয়েছে দুপুরের মধ্যেই। তানভির ইসলামের পাঁচ উইকেটে ব্রাদার্সকে ৭১ রানে গুটিয়ে দিয়ে আবাহনী ৮ উইকেটের জয় তুলেছে ১৩তম ওভারেই। এছাড়া বিকেএসপির পাশাপাশি দুই মাঠে খেলতে নেমে জয় পেয়েছেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল। এ পর্যন্ত খেলা চার ম্যাচে প্রথম ফিফটি করে ম্যাচসেরা হয়েছেন তামিম। আর সাকিব এবারের লিগে প্রথম খেলতে নেমে ব্যাটে ভালো না করলেও বল হাতে ছিলেন উজ্জ্বল।
প্রাইম ব্যাংকের ৫ বোলারই পেয়েছেন উইকেটের দেখা। তাতে রূপগঞ্জ টাইগার্স গুটিয়ে যায় ১৩২ রানেই। রান তাড়ায় তামিম ইকবাল ও পারভেজ হোসেনের ১১৮ রানের ওপেনিং জুটির পর সহজ জয় পেয়েছে প্রাইম ব্যাংক। পারভেজ সময় নিলেও তার ওপেনিং সঙ্গী তামিম খেলেছেন দ্রুতগতিতেই। ৬২ বলে ৫০ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, আউট হন ৭৮ বলে ৬৭ রান করে। ম্যাচসেরা হয়েছেন তামিমই। জাতীয় দল থেকে ছুটিতে থাকলেও প্রিমিয়ার লিগে ফিরলেন সাকিব। শেখ জামাল ধানম-ির হয়ে তিন নম্বরে নেমে ১৪ বলে ১৯ রান করেছেন তিনি। পরে ৭ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট।
বৃষ্টির কারণে এ ম্যাচও নেমে এসেছিল ৩৪ ওভারে। আগে ব্যাটিং করা শেখ জামাল ৭৯ রানেই হারায় ৪ উইকেট। অধিনায়ক নুরুল হাসান ও ইয়াসির আলী পঞ্চম উইকেটে এরপর তোলেন ১৩৮ রান। দুজনই খেলেন ঝোড়ো ইনিংস ৫৭ বলে ৭৮ রান ইয়াসিরের, নুরুল অপরাজিত থাকেন ৬০ বলে ৭২ রান করে।