বিশ্বকাপে খেলতে টেস্টে ফেরার চালাকি হাসরাঙ্গার, অস্বীকার বোর্ডের

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর শ্রীলঙ্কার পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপে। দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা আইসিসির নিষেধাজ্ঞা এই সিরিজেই কাটিয়ে উঠতে না পারলে খেলতে পারতেন না বিশ্বকাপের ম্যাচ। তার অবসর ভেঙ্গে টেস্টে ফেরার সিদ্ধান্তকে তাই দেখা হচ্ছে চালাকির অংশ হিসেবে।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করে তিনটি ডিমেরিট ও ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা গুনেছেন তিনি। এই তিন ডিমেরিট নিয়ে ২৪ মাসের মধ্যে তার ডিমেরিট হয়ে যায় আট। যার শাস্তি হিসেবে চারটি ওয়ানডে বা টি-টোয়েন্টি অথবা দুইটি টেস্টে নিষেধাজ্ঞা পান হাসারাঙ্গা। এরমধ্যে যে খেলা আগে আসবে সেখানেই শাস্তি কার্যকর হবে।

এই শাস্তি আসার আগেই তাকে তৃতীয় ওয়ানডের পর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখা হয়। যদিও টেস্ট থেকে গত বছরই অবসর নিয়েছিলেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। তাকে টেস্ট দলে রাখা ছিলো বড় চমক।  গুঞ্জন আছে, শাস্তি আসছে টের পেয়েই হাসারাঙ্গাকে টেস্টে রেখে চালাকি করেছে শ্রীলঙ্কা। টেস্টে থাকাই নিষেধাজ্ঞার শাস্তি বাংলাদেশে টেস্ট সিরিজ দিয়েই কাটিয়ে দিতে পারবেন হাসারাঙ্গা। 

তবে এই অভিযোগ অস্বীকার করেছে শ্রীলঙ্কা। তাদের প্রধান নির্বাচক অজন্তা মেন্ডিস ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, 'দুই সপ্তাহ আগেই হাসারাঙ্গা আমাদের কাছে টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু সিদ্ধান্তটা চূড়ান্ত হয় তৃতীয় ওয়ানডের আগে।'

 গত এক বছর ধরে প্রথম শ্রেণীর ম্যাচ না খেলা হাসারাঙ্গার আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদেরও জানা নেই তার শুরুর দিকে না থাকার কথা। শ্রীলঙ্কা ক্রিকেটে এর আগেও আইনের ফাঁকফোকর গলে সুবিধা নিতে দেখা গেছে। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্লো ওভার রেটের সাজা থেকে বাঁচতে এক ম্যাচ নেতৃত্ব দেননি মাহেলা জয়াবর্ধনে। তার বদলে নেতৃত্ব দেন কুমার সাঙ্গাকারা।