বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়েন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। এবারের আইপিএলে তার খেলার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ভারতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ ২১ উইকেট নেওয়া মাদুশঙ্কাকে নিলামে ৪ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছিল মুম্বাই।
বুধবার মুম্বাই নিশ্চিত করে দিয়েছে, টুর্নামেন্টে ২৩ বছর বয়সী বাঁহাতি এই পেসারকে পাওয়া যাবে না। তাতে কপাল খুলেছে সবশেষ যুব বিশ্বকাপে নৈপুণ্য দেখানো প্রোটিয়া পেসার কেওয়েনা মাফাকা’র। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে ১৭ বছর বয়সী মাফাকাকে দলে টেনেছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। অথচ মাফাকা এখনো স্কুলের গণ্ডিই পেরোননি।
দেশের মাটিতে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাফাকা ৬ ম্যাচে ওভারপ্রতি ৩.৮১ রান দিয়ে উইকেট নেন টুর্নামেন্টের সর্বোচ্চ ২১টি। যুব বিশ্বকাপের এক আসরে কোনো পেসারের সর্বোচ্চ উইকেট এটিই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। পেস-স্পিন মিলিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড বাংলাদেশের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের, ২০০৪ সালের আসরে ৮ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন তিনি।
মাফাকা ৬ ম্যাচের তিনটিতেই পান পাঁচ উইকেটের স্বাদ। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নেয় তার দল দক্ষিণ আফ্রিকা। নিয়মিত ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন মাফাকা। সঙ্গে সুইংয়ের জন্যও পরিচিতি আছে তার। স্বীকৃত ক্রিকেটে এখন পর্যন্ত দুটি করে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এই ৯ ম্যাচে তার শিকার ১৩ উইকেট।