বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বরিশাল নগরীতে কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলে সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এছাড়াও এঘটনায় আহত হয়েছেন আরেক যাত্রী।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরের সামনে এঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।

নিহত মো. রিয়াজ উদ্দিন সুমন (৪৫) বরিশাল নগরীর নিউ ভাটিখানা রোডের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে। আহত আরোহী মো. বেল্লাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরিচুল জানান, সুমন ও বেল্লাল মোটরসাইকেলে নগরীর কালিজিরা ব্রিজ থেকে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক রিয়াজ উদ্দিন সুমনকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে যায়। আর নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবার আবেদন করেছে বলে জানান তিনি।