মাহিন্দ্রা কেরে নিল শিক্ষার্থীর প্রাণ 

শরীয়তপুরের নড়িয়ায় মাহিন্দ্রার চাপায় রিফাত শিকদার (১৪) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ঘড়িসার ইউনিয়নের পশ্চিম নন্দনসার এলাকার সুরেশ্বর-পন্তিতসার সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থী রিফাত শিকদার পশ্চিম নন্দনসার এলাকার ইসমাইল শিকদারের মেঝো ছেলে। রিফাত হালইসার নন্দসার উচ্চ বিদয়ালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রিফাত রাড়ি থেকে বাইসাইকেল নিয়ে স্থানীয় ঘড়িসার বাজারের দিকে যাচ্ছিল। বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা তার বাইসাইকেলের ওপর উঠে যায়। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে মাহিন্দ্রা ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, আমরা ঘাতক মাহিন্দ্রাটি জব্দ করেছি। চালক ও তার সহযোগীরা পালিয়েছে। তাদের আটকের চেষ্টা করছি। রিফাতের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।