শিক্ষার্থীদের জন্য চাকসুর ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও সহজ করতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শিগগিরই অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের কার্যক্রমে যুক্ত করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় চাকসু ভবনের সামনে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করা হয়।

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাসান মিয়াসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘চাকসুকে আমরা কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবিনি, সহযোগী হিসেবে ভেবেছি। চাকসু এখন শেষ সময়ে এসে দাঁড়িয়েছে। গত এক বছরের পুরো সময়জুড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি। খাবার, আবাসন, যাতায়াত থেকে শুরু করে সবকিছুতেই কাজ করেছি।’

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চাকসু সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। চাকসুর কার্যক্রমে সবচেয়ে বেশি যাঁকে পাশে পেয়েছি, তিনি হলেন আমাদের সম্মানিত উপাচার্য স্যার। তাঁর কাছে আমাদের আবেদন, চাকসুর মেয়াদ শেষ হওয়ার পর যেন দ্রুত পরবর্তী চাকসু নির্বাচনের আয়োজন করা হয়।’

চাকসু জানিয়েছে, অ্যাম্বুলেন্সটি শিগগিরই বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে যুক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত চিকিৎসাসেবার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করছে সংগঠনটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত