রমজানে রাজধানীবাসীর জন্য বড় ভোগান্তির নাম যানজট। গত দুইদিন রাজধানীজুড়ে গাড়ির চাকা ঘুরেছে ধীরগতিতে। এতে অতিষ্ঠ মানুষ। এবার যানজট এড়াতে অফিস ছুটি শেষেই দ্রুত বাড়ি ফেরার পরামর্শ দিল ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেছেন, বিকেল সাড়ে ৩টায় অফিস ছুটি হলেও মানুষ ইফতারের পূর্বমুহূর্তে তড়িঘড়ি করে গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইন্টার সেকশন ও শেষ মুহূর্তে অযাচিত ট্রাফিক কনজেশন তৈরি হয়। তাই ট্রাফিক জ্যাম এড়াতে অফিস ছুটির সময় অর্থাৎ সাড়ে ৩টা হতে বা এর কাছাকাছি সময় কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।
তাড়াহুড়ো করে কর্তব্যস্থল হতে বাড়ি ফেরার সময় ঝুঁকিপূর্ণ চলাচল পরিহার করে গতিসীমা মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি।
বৃহস্পতিবার (২১ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এসব পরামর্শ দেন।
মুনিবুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ রোডগুলোতে অযাচিত যানবাহন পার্কিং অন্য যান চলাচল বাধাগ্রস্ত করে।
গণপরিবহনে যাত্রী ওঠানামা করার ক্ষেত্রে নির্ধারিত বাস স্টপেজগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পরমর্শ দেন এই অতিরিক্ত পুলিশ কমিশনার।
তিনি আরও বলেন, মার্কেটকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখার জন্য বিভিন্ন মার্কেটের কমিউনিটি পুলিশ ও ভলান্টিয়ারদের অ্যাক্টিভ করা হয়েছে। তারা ডিএমপি ট্রাফিক পুলিশের প্রত্যক্ষ সহযোগিতা ও তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে। মার্কেটকেন্দ্রিক অযাচিত পার্কিংয়ের বিষয়ে ডিএমপি ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে। রমজান মাসকে ঘিরে রাস্তায় কোন ব্যবসায়ী তার ব্যবসায়ীক কর্মকাণ্ড পরিচালিত করতে পারবে না।