বৃষ্টি থাকবে কত দিন? পূর্বাভাসে যা জানা গেল

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৮:১৪ পিএম

গত দুই দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীতে বৃষ্টি ঝড়ছে। এতে কমেছে তাপপ্রবাহ। রাতের আবহাওয়া মনে করিয়ে দিচ্ছে শীতের স্মৃতি। বৃষ্টিপাতের এ ধারা আরো তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে রংপুর বিভাগের দুই এক জায়গায়ও বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এই সময়ে।

পরের ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়েও তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শেষের ২৪ ঘণ্টায়ও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষের দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি বলা হয়েছে, এ সময়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে (৩২ ডিগ্রি সেলসিয়াস)। সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দিনাজপুরে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত