ইসরায়েলের দাবি

আল শিফা হাসপাতালে হামাসের ১৪০ সদস্য গ্রেপ্তার, আটক ৬০০

অবরুদ্ধ গাজা উপত্যকার আল শিফা হাসপাতাল ও এর আশপাশের এলাকায় গত চার দিনে হামাসের অন্তত ১৪০ জন সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও ৬০০ হামাস সদস্যকে আটক করেছে তারা। বৃহস্পতিবার (২১ মার্চ) এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থা এ দাবি করেছে।

আল জাজিরা জানিয়েছে, হাসপাতালে যুদ্ধ অব্যাহত থাকার সময় হামাসের ঊর্ধ্বতনদের গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকজন যোদ্ধা আত্মসমর্পণ করেন এবং তাদের স্থানান্তর করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যদিও হামাস বারবার আল শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার কথা অস্বীকার করেছে।

আন্তর্জাতিক আইনে হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ। কিন্তু ওই এলাকায় এখনও অভিযান চলছে। এএফপি জানিয়েছে, রোগী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ব্যাপক সমাগমের মাঝে হাসপাতাল কমপ্লেক্স ও এর আশপাশে কয়েক দিন ধরে লড়াই চলছে। এর আগে গত নভেম্বরে এই হাসপাতাল কমপ্লেক্সে ঘিরে ইসরায়েলি বাহিনীর অভিযান আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষোভের সৃষ্টি করেছিল।

গত ৭ অক্টোবর গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সদস্যরা ইসরায়েলে ঢুকে এক হাজার ১৩৯ জনকে হত্যা করে। হামাসের হামলার পর সেদিনই উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১ হাজার ৯৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৭৪ হাজার ১৮৮ জন।