মোস্তাফিজদের নতুন অধিনায়ক

শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে বড় একটি সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস। অধিনায়কত্বে বদল আনল পাঁচবারের চ্যাম্পিয়নরা। আইপিএলের শুরু থেকে দলকে নেতৃত্ব দেওয়া মহেন্দ্র সিং ধোনির জায়গায় আনা হলো রুতুরাজ গায়কোয়াড়কে।

আজ চেন্নাইয়ের সঙ্গে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অনেকের মতেই ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল। তার ঠিক আগের দিন নেতৃত্বে পরিবর্তন আনার কথা জানিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। এই দলে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরের আগে নিলামে তখনকার সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ধোনিকে দলে নেয় চেন্নাই। তখন থেকেই দলটির অধিনায়ক ছিলেন তিনি। মাঝে ২০২২ সালে টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। পরে রবীন্দ্র জাদেজার কাঁধে তুলে দেওয়া হয় আইপিএলের সফলতম দলটির দায়িত্ব।

তখন মনে করা হয়েছিল, অধিনায়ক হিসেবে ধোনির অধ্যায় শেষ। কিন্তু সেবার জাদেজার নেতৃত্বে পথ হারিয়ে ফেলে চেন্নাই। আসরের শুরুর দিকে ম্যাচ জিততে ভোগে তারা। শেষ পর্যন্ত মাঝপথে নেতৃত্ব ছেড়ে দেন জাদেজা। ফের ধোনিকে নেতৃত্ব নিতে অনুরোধ করেন। সেবার আর খুব বেশি ভালো করতে পারেনি চেন্নাই। ১০ দলের টুর্নামেন্টে ১৪ ম্যাচে স্রেফ ৪টি জিতে আসর শেষ করে তারা নবম স্থানে থেকে।

গত আসরে প্রথম থেকেই চেন্নাইকে পথ দেখান ধোনি। তার নেতৃত্বে ২০২৩ সালে পঞ্চম শিরোপা ঘরে তোলে ফ্র্যাঞ্চাইজিটি। চেন্নাইয়ের সমর্থকদের কাছে ‘থালা’ বা ‘নেতা’ নামে পরিচিত ধোনির হাত ধরে দলটি রানার্স আপ হয়েছে পাঁচ বার (২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯)। সব প্রতিযোগিতা মিলিয়ে চেন্নাইয়ের খেলা ২৪৯ ম্যাচের ২৩৫টিতেই নেতৃত্ব দিয়েছেন ধোনি। তার নেতৃত্বে দুটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপাও জিতেছে দলটি। ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নিষিদ্ধ থাকার সময় রাইজিং পুনে সুপার জায়ান্টসকে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। সব মিলিয়ে আইপিএলে একমাত্র অধিনায়ক হিসেবে দুইশ (২২৬) ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। সবচেয়ে বেশি ১৩৩ ম্যাচ জিতেছেন তিনি। এখনো একশ ম্যাচও জিততে পারেননি আরও কেউ।

এবারও ৪২ বছর বয়সী ধোনির নেতৃত্বেই খেলবে চেন্নাই, আশায় ছিলেন দলটির সমর্থকরা। কিন্তু হুট করে শেষ মুহূর্তে নেতৃত্বে বদল আনার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি।