প্যারিস অলিম্পিকের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তুলনায় নিজেদের গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে গত বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন এবং এএফসি থেকে কোয়ালিফাই করা তৃতীয় দল। আর ‘এ’ গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং এএফসি ও সিএএফের মধ্যে প্লে-অফে জয়ী দল। এশিয়া থেকে কোয়ালিফাই করা তৃতীয় দল এবং এএফসি-সিএএফ প্লে-অফে জয়ী দল এখনো নির্ধারিত হয়নি।
ফ্রান্স তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও দেশটির কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি ড্রয়ের পর বলেছেন,‘কোনো কিছুই সহজ না।’ কিন্তু ১৯৮৪ সালের পর অলিম্পিকের ফুটবল ইভেন্ট থেকে দ্বিতীয় স্বর্ণপদক জয়ের খোঁজে থাকা ফ্রান্স এবার ঘরের মাঠে ফেবারিট।
সর্বশেষ টোকিও অলিম্পিকে রৌপ্য পদকজয়ী স্পেন ‘সি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে মিসর, ডমিনিকান প্রজাতন্ত্র এবং এএফসি কোয়ালিফাইয়ে দ্বিতীয় দলের সঙ্গে। ‘ডি’ গ্রুপে প্যারাগুয়ের প্রতিপক্ষ মালি, ইসরায়েল ও এএফসি কোয়ালিফাইয়ে শীর্ষ দল। ৯ আগস্ট প্যারিসে ফুটবল ইভেন্টের ফাইনাল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে।