রাজবাড়ীতে মানববন্ধন

সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব দাবি

জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সমানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ আট দফা দাবিতে রাজবাড়ীতে গতকাল বিকেলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস’ উপলক্ষে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্যবিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে হবে,

সব মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাস জমির বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে ইত্যাদি।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অরুণ কুমার সরকার। এতে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, হরিজন ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি বাসুদেব ম-ল, সাধারণ সম্পাদক উত্তম দাস হেলা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, সদর উপজেলা আদিবাসী কমিটির সভাপতি তাপস দাস, দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক অনিল রবিদাস, সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার দাস।