চালকের বেপরোয়া গতির ফলে বাস খাদে, নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে গৌরনদী উপজেলার মাহিলারায় এই ঘটনা ঘটেছে। নিহত সেলিম রেজা (৩৮) যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের আবদুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি মাহিলারায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজন নিহত হন।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ, হাইওয়ে পুলিশসহ স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। বাসটি পানিতে পড়ে অর্ধেক ডুবে গিয়েছিল। রাত সাড়ে তিনটার দিকে উদ্ধার কাজ শেষ হয়। 

দুর্ঘটনায় আহত আবীর হোসেন (৪০) নামের এক যাত্রী বলেন, ‘চালক দেলোয়ার হোসেন (৩৫) ঢাকা থেকে বাসটি ছাড়ার পর বেপরোয়া গতিতে ছুটছিলেন। আমরা বারবার তাকে নিষেধ করলেও তিনি তা শোনেননি। পরে এই দুর্ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা দেশ রূপান্তরকে বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। আর ১২ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।