ফিলিস্তিনি পুরুষদের চাপ দিতে মায়েদের জিম্মি করছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতিদিন কমপক্ষে ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন আরব বিশ্ব ২১ মার্চ তাদের বার্ষিক ‘বিশ্ব মা দিবস’ পালন করে।

মা দিবসে দ্য কমিশন অব ডিটেনিজ অ্যান্ড এক্স ডিটেনিজ আ্যাফিয়ার্স ইন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব অ্যাসোসিয়েশনের যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি হামলায় প্রতিদিন অনেক মা ও শিশু প্রাণ হারাচ্ছেন। খবর সিনহুয়ার।

গত অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় নারীদের গণগ্রেপ্তার করছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে মা’সহ ফিলিস্তিনের নারী বন্দীদের ওপর ইসরায়েলি অপরাধ এবং লঙ্ঘন নাটকীয়ভাবে বেড়ে গেছে।

এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তাদের স্বামী বা ছেলেদের চাপ দিতে মায়েদের জিম্মি হিসেবে গ্রেপ্তার করা এবং খুব কঠোর পরিস্থিতিতে তাদের আটক করা। সামাজিক কর্মীসহ নারী ফিলিস্তিনি বন্দীদের অধিকাংশকে উসকানি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।