ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভাতিজা রাজুর লাঠির আঘাতে চাচা শাহ আলম (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে কোটচাঁদপুর-জীবননগর সড়কের সাড়াতলা সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ। নিহত শাহ আলম উপজেলার ফতেপুর বেড়েরমাট গ্রামের আব্দুল বারীর ছেলে।
স্থানীয়রা জানায়, শাহ আলম ব্যাটারিচালিত পাখিভ্যান চালিয়ে খালিশপুর থেকে ফতেপুর দিকে আসছিলেন। এ সময় পূর্ব শত্রুতার কারণে পথে ভাতিজা কাঠ দিয়ে চাচা শাহ আলমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাতিজা রাজুকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।