শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষ,বাড়ি-ঘর ভাঙচুর, আহত ১০

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দীর্ঘদিন ধরে  সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওই উপজেলার দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সাথে ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার বিকেলে উভয়পক্ষের লোকজন বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন রামদা, চাইনিজ কুড়াল, ডালসহ গ্রাম্য দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

সংঘর্ষ চলাকালীন ওই গ্রামের অন্তত ২০ টি বাড়ি-ঘর ও দোকানে ভাংচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, সামাজিক আধিপত্য নিয়ে দু'পক্ষের মারামারির খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে । এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত