ইউক্রেনে অন্ধকারে ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার (২২ মার্চ) ওই হামলায় ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইউক্রেন জানিয়েছে, ৬০টিরও বেশি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ও আবাসিক ভবন লক্ষ্য করে এসব হামলা করেছে তারা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলায় ৫ জন নিহত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিভের বাসিন্দারা। এই অঞ্চলের সাত লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে ওডেসা ও দিনিপ্রোপেত্রোভস্কের চার লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। পোলটাভা অঞ্চলের এক লাখ ১০ হাজার মানুষও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় নাগরিক ও অবকাঠামো রুশ ক্ষেপণাস্ত্রের হাত থেকে রক্ষা করতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।