যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তীব্র শীতের কারণে ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি সরাসরি পুতিনের সঙ্গে যোগাযোগ করে ইউক্রেনে সাময়িকভাবে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার অনুরোধ করেন, বিশেষ করে বড় শহরগুলোকে লক্ষ্য করে চালানো হামলা স্থগিতের কথা বলেন।
'আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছি', বলেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় একই ধরনের শৈত্যপ্রবাহ থাকলেও ইউক্রেনের পরিস্থিতি আরও ভয়াবহ।
'ওখানে প্রচণ্ড শীত পড়ছে' ,বলেন তিনি। 'আমি তাকে অনুরোধ করেছি, যেন এক সপ্তাহের জন্য গুলি বা ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হয়—কিয়েভ বা অন্য কোনো শহরে যেন কোনো হামলা না হয়। আর তিনি এতে সম্মত হয়েছেন।'
তবে ট্রাম্পের এই বক্তব্যের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে ট্রাম্প ইউক্রেনে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন, যা ১ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর রাখার কথা বলা হয়। তবে পুতিন সেই অনুরোধে সম্মতি দিয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
