‘মেসিকে ছাড়াই খেলার অভ্যাসের সুযোগ’

গেল নভেম্বরে মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে হারানোর পর হুট করেই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। জানান, আগামী জুনের কোপা আমেরিকার আগে তিনি দায়িত্ব ছাড়বেন না। ব্রাজিলের বিপক্ষে ওই ম্যাচের পর আজ প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ সকাল ৬টায় প্রীতি ম্যাচে এল সালভাদরের মুখোমুখি হচ্ছে আলবিসেলিস্তেরা।

আজকের ম্যাচে থাকছেন না দলের মহাতারকা লিওনেল মেসি। শুধু আজকের ম্যাচে নয়, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচেও কোস্টারিকার বিপক্ষে থাকবেন না নিয়মিত অধিনায়ক। মেসিকে ছাড়া দল কেমন হবে, স্কালোনি কি কোপার পরেও থাকবেন জাতীয় দলের কোচ হিসেবে? এসব নিয়ে ম্যাচের আগে কথা বলেছেন স্কালোনি।

মেসির বিকল্প হিসেবে কাকে খেলানো হচ্ছে? এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘মেসির কোনো বিকল্প হয় না। আমরা জানি তিনি অনন্য। আমরা এই ম্যাচে তাকে পেতে চেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে না। তাকে ছাড়াই এখন আমাদের খেলতে হবে। আগেও খেলেছি এবং ভালো করেছি। এটা সুযোগ মেসিকে ছাড়াই খেলার অভ্যাস করার।’

মেসি কোপা আমেরিকায় খেলবেন। ২০২৬ সালে বিশ্বকাপ। তবে বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। তাই হয়তো স্কালোনিও মেসিকে ছাড়া দলের খেলার অভ্যাসটা করে নিতে চাইছেন। শুধু মেসি নয়, চোটের কারণে পাওলো দিবালা, ইজিকুয়েল পালাসিওস, মার্কো সেনেসিকেও পাচ্ছেন না স্কালোনি।

তবে কেমন হতে পারে আজ আর্জেন্টিনার একাদশ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি বলছে, একাদশটা হতে পারে এমন গোলকিপিংয়ে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। ডিফেন্সে নেহুয়ান পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ড সামলাবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারাদেস। আক্রমণভাগে ডি মারিয়া ও লাউতারো মার্তিনেজের সঙ্গী হতে পারেন নিকো গঞ্জালেস। স্কালোনি ৪-৩-৩ বা ৪-৪-২ ফরমেশনে খেলাতে পারেন দলকে।

মারাকানার ওই সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন, ‘আমি যা বলেছিলাম তা ছিল আমার চিন্তাভাবনা, বিবেচনার বিষয়। কঠিন একটি বছর কাটানোর ফলেই ওই ভাবনা এসেছিল। বিশ্বকাপ জয়ের পর কঠিন এক বছর ছিল। কেবল ফুটবলের জন্যই নয়, ব্যক্তিগত জীবনেও সময়টা ছিল নতুন করে ভেবে দেখার। আমরা কী করতে চাই, তা জানার এবং ভাবার সময় ছিল ওটা। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসছিল এবং আমাদের আরও দৃঢ় হতে হতো। ওই মুহূর্তে আমি এটাই বলেছিলাম।’

স্কালোনি যোগ করেন পরিবারের বিষয়টিও। বলেন, ‘সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকে তাদের মতামত দিয়েছে। একজন ফুটবলারের জীবন মানেই পরিবার থেকে দূরে থাকা...তবে লক্ষ্য সব সময় একই থাকে, জাতীয় দলের জন্য সেরাটা করার চেষ্টা করা।’