মস্কোর কনসার্টে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫

রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৪০ এর অধিক। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ আজ শনিবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

রাশিয়ার নিরাপত্তা প্রধানের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত।  

প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি এ ঘটনায় ১১ জনকে আটক করেছে। সংস্থাটি এমন তথ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে। এর মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত। অন্য সন্দেহভাজনদেরও আটক করার চেষ্টা চলছে।

এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।